চট্টগ্রামের হাজ্বী মোহাম্মদ মহসিন কলেজে ঘটেছে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের গেইটে ছাত্রলীগ নেতা কাজী নাঈম ও আনোয়ার পলাশের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে ও চার জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
ছাত্রলীগের নেতা কাজী নাঈমকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বহিরাগত কিছু ছেলে নিয়ে আনোয়ার পলাশের অনুসারীরা কলেজ ক্যাম্পাসের ভিতর ঢুকে এক শিক্ষার্থীকে মারধর করতে দেখে তার অনুসারীরা বাধা প্রদান করলে আনোয়ার পলাশের অনুসারীদের সাথে সংঘর্ষ বাঁধে। এতে তার কয়েকজন অনুসারী আহত হন।
অপরদিকে আনোয়ার পলাশের দাবি যে, জুনিয়র ছাত্রদের মাঝে সংঘটিত বিবাদ মেটানোর পরও কাজী নাঈম তার অনুসারীদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। যেখানে হারিছ নামে এক ছাত্রের মাথা ফাটিয়ে দেয়া হয় এবং তার মাথায় পাঁচটি সেলাই করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মানবিক ১ম বর্ষের ছাত্র মোহাম্মদ হারিছ, হিসাববিজ্ঞান ২য় বর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন রাব্বী, ৩য় বর্ষের ছাত্র এনাম হোসেন ও ডিগ্রী ২য় বর্ষের ছাত্র মোহাম্ম নাজিম উদ্দীন।
এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মহসিন কলেজের গেইটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পাঠানো হয় এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কেহ লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ করা হলে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারী রোববারেও মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে একবজর সংঘর্ষ ঘটেছিল। ছাত্রলীগের দুই গ্রুপের নেতা নিজেদের শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী বলে দাবি করেন।
বার্তাবাজার/এমকে