সিএমপি’র বৃত্তি তহবিলে সাউথ ইস্ট ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান

“মেধা বিকাশে পুলিশ পরিবারের সাথে আমরা” এই স্লোগানের বহিঃপ্রকাশ স্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য মেধা বৃত্তি তহবিলে ১০ লাখ টাকার অনুদান প্রদান করলো সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহাবুবর রহমানের (বিপিএম, পিপিএম) নিকট উক্ত বৃত্তি তহবিলের ১০ লাখ টাকার চেক তুলে দেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম কামাল হোসেন। এ নিয়ে দ্বিতীয় বারের মত সিএমপি’র বৃত্তি তহবিলে ১০ লাখ টাকা অনুদান প্রদান করে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ।

উক্ত অর্থ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম কামাল হোসেন-ব্যবস্থাপনা পরিচালক সাউথইস্ট ব্যাংক লিমিটেড, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আমির জাফর, সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আনোয়ার উদ্দিন ও সাউথইস্ট ব্যাংকের অন্যান্য অফিসার সহ পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ভবিষ্যতে পুলিশ পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা ও সেবা মূলক বিভিন্ন কাজে আরো সহযোগিতা করবেন মর্মে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় প্রতিশ্রুতি দেন। এছাড়াও পুলিশ কমিশনার মাহবুবুর রহমান আগামীতে ‘সাউথইস্ট ব্যাংক-সিএমপি’ নামে বিশেষ শিক্ষাবৃত্তি চালু করারও আশ্বাস প্রদান করেন। এ উদ্যোগের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি নতুন সেতু বন্ধন তৈরী হলো বলে জানান সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর