এক যুগের শিকলবন্দি জীবন, পায়নি প্রতিবন্দ্বী কার্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের শান্তিপুর মহল্লার শ্রমিক শহিদুল ইসলাম ও গৃহকর্মী রেখা খাতুনের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আলামিন হোসেন (১৭) প্রায় ১ যুগ ধরে শিকলবন্দি জীবনযাপন করছে। অথচ তার ভাগ্যে এখনও জোটেনি প্রতিবন্ধী কার্ড। আবার টাকার অভাবে জুটছে না সুচিকিৎসা।

এ বিষয়ে আলামিনের বাবা শহিদুল ইসলাম বলেন, যখন তার বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তাকে শিকলবন্দি করে রাখতে হচ্ছে। পিতা হয়ে এটা সহ্য করা খুবই কঠিন।

জানা যায়, জন্মের দুই বছর পর টের পাওয়া গেল আলামিন বুদ্ধি প্রতিবন্ধী। ৫ বছর বয়স পর্যন্ত তাকে চোখে চোখে রাখা সম্ভব হলেও এরপর থেকে তা সম্ভব হয় না। প্রায়ই হারিয়ে যেত। ফলে তখন থেকেই বাধ্য হয়ে আলামিনকে শিকলে বেঁধে রাখতে হতো। এ অবস্থায় রোদ-বৃষ্টি তার শরীরের ওপর দিয়েই বয়ে যায়। ৫ বছর বয়স থেকে এভাবেই চলছে তার জীবন।

শহিদুল ইসলাম কান্নজড়িত গলায় বলেন, যমুনা নদীর ভাঙনে বাড়িঘর হারিয়ে শ্বশুরবাড়ি এলাকায় এসে আশ্রয় নিয়েছি। নিজের কোনো বাড়ি নেই, অন্যের জমি মাসে ৫০০ টাকা ভাড়ায় ঝুঁপড়িঘর তুলে বাস করছি।

তিনি বলেন, ছেলের একটা প্রতিবন্ধী কার্ডের জন্য অনেকের কাছে ঘুরেছি। এখন আর চেষ্টা করি না। হাল ছেড়ে দিয়েছি।

কার্ড পেতে কিছু সরকারি নিয়ম রয়েছে। যা পালনের জন্য ওই প্রতিবন্ধীর মা-বাবাকে বলা হলেও তারা এখনও তা করতে না পারায় তাকে কার্ড দেয়া সম্ভব হয়নি। এগুলো পূরণ হলেই কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানায় শাহজাদপুর পৌরসভার ৪নং কাউন্সিলর লিয়াকত আলী।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন,খোঁজ নিয়ে দ্রুত কার্ড করে দেয়ার আশ্বাস দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর