ইউপি সদস্যের দুই চোখ উপড়ে নিলো দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। নাজমুল হাসান রানা (৪০) বারইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা। ওই ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে। কিন্তু কী কারণে তার স্বামীর ওপর হামলা হয়েছে তা জানাতে পারেননি মুকুল বেগম।

জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর