মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। এ ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গায় পাথর বৃষ্টি ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ব্রহ্মপুরী ও গোকুলপুরী এলাকায় সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তপ্ত এলাকায় ফ্ল্যাগমার্চ শুরু করেছে RAF। খবর এএনআই’র।
দিল্লির এক দমকল কর্তা জানিয়েছেন, গতকাল মধ্যরাত থেকে অশান্ত এলাকায় ৪৫টি অগ্নিকাণ্ডের খবর এসেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন দমকলকর্মী।
দিল্লি পুলিশ জানিয়েছে, জাফরাবাদ ও মউজপুর এলাকায় তুঙ্গে উত্তেজনা। যদিও সেখানে এখনও পর্যন্ত ১৪৪ ধারা লঘু করা হয়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁচটি মেট্রো স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজের বাসভবনে স্থানীয় বিধায়ক ও কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে, সোমবার রাতেও জাফরাবাদ সহিংসতা নিয়ে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে দিল্লি পুলিশের শীর্ষই কর্মকর্তা ও স্বরাষ্ট্রসচিবসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে আলোচনা করেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাত থেকে জাফরাবাদে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর)-এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন শ দু’য়েক নারী। রবিবার সেখানে উপস্থিত হন বিজেপি নেতা কপিল মিশ্র। পুলিশকে বলেন, “ট্রাম্প দেশ ছাড়ার আগে রাস্তা খালি করান। এরপর আমাদের রাস্তায় নামতে হবে। তখন কিছু বলতে পারবেন না।”
বার্তাবাজার/এমকে