নড়াইলের লোহাগড়ায় বদর খন্দকার (৪৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের হাত ও দুই পা কেটে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় রাত ৭টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।
নিহত বদর খন্দকার উপজেলার লোহাগড়ার কালনা গ্রামের ময়ের খন্দকারের ছেলে। তিনি লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালনা ঘাট এলাকার নিজের ইটভাটা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বদর খন্দকার। পথে ৯৫নং টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে রাম দা, ছ্যান দাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই পা ও একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত বদর খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে খুলনা যাওয়ার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) টহল জোরদার করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস