বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

বরিশালে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। ট্রাইবুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম রুবেল হাওলাদার। সে ঝালকাঠি জেলার বীরমহল এলাকার ছালাম হাওলাদারের ছেলে।

ট্রাইবুনাল সূত্রে জানা যায়, ২০১৬ সালের পহেলা আগস্ট র‌্যাব-৮ বরিশালের বানারীপাড়া উপজেলার বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে ৪৬২ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে। এ ঘটনায় ওই দিন র‌্যাবের ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।

পরে ২০১৬ সালের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই জসিম উদ্দিন একমাত্র আসামি রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর