চট্টগ্রাম সিটি নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।
বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করেছে বিএনপি। আর স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এর আগে নেতিবাচক অবস্থানে থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত করতে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের সভায় বসেন বিএনপির শীর্ষ নেতারা। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সোমবার (২৪শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দলের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে, বগুড়া-১ আসনের উপনির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া, দুই দফায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
যশোর-৬ আসনে দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল হোসেন আজাদ। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন।
আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডাঃ শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি।
মনোনয়ন পেয়েই নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করা যাবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী। এ সময়, নৌকার প্রতীক নিয়ে নির্বাচন মানেই প্রার্থীর জয়, নির্বাচন কমিশনের এমন ভাবনা থেকে বের হয়ে আসারও দাবি জানান তিনি।
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসন দু’টি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিবিসি নিউজ
বার্তাবাজার/কে.জে.পি