বকেয়া বিলের দরুন গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সাত দিন পর সংযুক্ত করা হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ। সোমবার (২৪ ফেব্রুয়ারী) জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিলের ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করলে হাসপাতালের বিচ্ছিন্ন গ্যাস সংযোগ পুনরায় সংযুক্ত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক মতিউর রহমান (রাজস্ব বিভাগ) বলেন, ” জেনারেল হাসপাতালের নিকট স্থিত বকেয়া বিল ৮ লাখ ৩২ হাজার টাকার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করেছে। বাকি টাকা আগামী মার্চ মাসে পরিশোধের কথা জানিয়েছে। হাসপাতালে রোগীদের সমস্যার কথা বিবেচনা করে আংশিক টাকা পরিশোধ করায় আমরা গ্যাস সংযোগ পুনরায় স্থাপন করেছি।”
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ বলেন, “আমরা যেটুকু টাকা বরাদ্দ পেয়েছিলাম। তার সবটাই বকেয়া গ্যাস বিলের জন্য দিয়ে দিয়েছি এবং বাকি টাকা পরিশোধের জন্য মাস খানেক সময় নিয়েছি। সরকার থেকে বরাদ্দ পেলে বাকি টাকাও পরিশোধ করে দিব।”
উল্লেখ্য, বকেয়া বিলের দরুন গত ১৭ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কেজিডিসিএল। যার দরুন চরম ভোগান্তির শিকার হন রোগী সাধারণ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গত ২০ ফেব্রুয়ারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের হিসাব কর্মকর্তা কেজিডিসিএল কর্তৃপক্ষের নিকট ২৩ তারিখের (রোববার) একটি চেক জমা দেন। কিন্তু চেকের টাকা জমা না হওয়াতে কেজিডিসিএল গ্যাস সংযোগ দিতে অস্বীকৃতি জানায়। চেকের টাকা জমা না হওয়া পর্যন্ত চেকের কোন মূল্য নেই বলে জানান কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক মতিউর রহমান।
বার্তাবাজার/এসজে