সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনায় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. সবুজ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন সয়দাবাদ ভূমি সহকারী কর্মকর্তা মো. মঈন উদ্দীন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস