মনোনয়ন না পেয়ে ৩০০ নেতাকর্মীকে নিয়ে পদত্যাগ করলেন যুবদল নেতা
চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন না পেয়ে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ ৩০০ নেতাকর্মীকে নিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর পশ্চিম বাকলিয়ায় সংবাদ সম্মেলন করে নেতাকর্মীদের নিয়ে পদত্যাগের ঘোষনা দেন তিনি।
এমদাদুল হক বাদশাহ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় একেএম আরিফুল ইসলামকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। দলে তার কোনো অবদান নেই। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতে গিয়ে ৩৯টি মামলার শিকার হয়েছি, কয়েকবার জেলও খেটেছি। দলের দুর্দিনে দলের জন্য এতোকিছু করার পরও আমি কাউন্সিলর পদে সমর্থন পাইনি।
তিনি আরও বলেন, নগরীর ৪১ নং ওয়ার্ডেও নগর যুবদলের কাউকে এবার মনোনয়ন দেয়া হয়নি। তাই কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানার ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করছি।
পদত্যাগ করা ছাত্রদল ও যুবদলের উল্লেখযোগ্য নেতারা হচ্ছেন, নগর যুবদলের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক মিন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শেখ কামাল আলম ও সদস্য মো. সাব্বির ইসলাম ফারুক, চকবাজার থানা ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি মো. ফোরকান, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. রায়হান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক সফিউল বশর সাজু প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস