মিডিয়ার নয়, এবার পরহেজগার মেয়েকে বিয়ে করব: শাকিব

মিডিয়ার কোনো মেয়েকে নয়, বিয়ের জন্য পরহেজগার-স্বামীভক্ত মেয়ে খুঁজছেন ঢালিউড স্টার নায়ক শাকিব খান।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই চিত্রনায়ক বলেন, চলতি বছরই বিয়ে করবেন তিনি। কোনো মিডিয়ার মেয়েকে নয়, বিয়ে করবেন মিডিয়ার বাইরে।

শাকিব জানান, পরিবারের পছন্দে এবার বিয়ে করবেন তিনি। পাত্রী খোঁজা হচ্ছে। তবে এমন মেয়েকে বিয়ে করবেন, যে হবে পরহেজগার, সংসারী ও স্বামীভক্ত।

নায়কের ভাষ্য– আমার পছন্দ পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী। কাজ শেষে বাসায় ফিরলে সে আমার যত্ন নেবে। বাবা-মায়েরও খেয়াল রাখবে। পরিবার থেকে এমন পাত্রীর খোঁজ করা হচ্ছে, পেলেই বিয়ে করব।’

সম্প্রতি খবর চাউর হয়েছে ‘বুবলী প্রেগনেন্ট, এজন্য তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন এবং শাকিব খান তাকে আমেরিকা পাড়ি দেওয়ার জন্য অর্থ দিয়েছেন। বুবলী এখন অপুর পথেই হাঁটছেন, একলা বুবলী দোকলা হয়েই ফিরবেন ইত্যাদি ইত্যাদি’।

এসব খবরের সত্যতা জানতে চাইলে শাকিব খান বলেন, ‘আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন, বুবলীর কাছে যান, সেই তো আপনাদের ভালো বলতে পারবে। সে তো ঢাকাতেই তার বাসায় আছে।’

শাকিবের কাছে আবার জানতে চাওয়া হয়, ‘পূর্বে আপনার সঙ্গে অপুর এমনই ঘটনা ঘটেছিল, বুবলীকে নিয়েও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে?’ শাকিবের সাফ জবাব, ‘প্রশ্নই ওঠে না, বুবলী শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। সে অপুর মতো কোনো ভুল করতে পারে না। সে কেন নিজেকে আড়ালে রেখেছে তা সে জানে, আমি কীভাবে বলব।’

শাকিবের কাছে এবার জানতে চাওয়া হয়, ‘তাহলে আপনি বলছেন বুবলীর সঙ্গে আপনার প্রেম, বিয়ে বা সন্তান হওয়ার যে খবর বাতাস ভারি করছে তা অমূলক?’ শাকিবের উত্তর- ‘অবশ্যই ভিত্তিহীন এবং অমূলক। বুবলী আমার ভালো বন্ধু এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চায়, যা কোনো দিন পারেনি, পারবেও না।

তিনি বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না। একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম। সেই ভুল থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি। আর ভুল করতে চাই না। এখন আমার ধ্যান-জ্ঞান হলো ফিল্মি ক্যারিয়ার এবং সুন্দর সাজানো-গোছানো একটি সংসার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর