মাতাল অবস্থায় পুলিশ পিটিয়ে পলাতক ভাইস-চেয়ারম্যান, ২ যুবলীগ কর্মী গ্রেফতার

বগুড়ায় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিনকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মোহন্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকে ভাইস চেয়ারম্যান দুলাল পলাতক রয়েছেন। রবিবার দিবাগত রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল আব্দুল মতিন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি দুলাল মোহন্ত মাতাল অবস্থায় তার সহযোগীদের সাথে নিয়ে কনস্টেবল আব্দুল মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা আব্দুল মতিনকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। এরপর পুলিশ আব্দুল মতিনকে উদ্ধার করে।

এ সময় পুলিশ সুমন ও প্রশান্ত নামে যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভাইস চেয়ারম্যান দুলাল মোহন্ত। রাতেই পুলিশ দুলাল মোহন্তকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন দুলাল মোহন্ত।

বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বলেন, এ ঘটনায় ভাইস চেয়ারম্যান দুলালসহ ৬ জনের নামে মামলা হয়েছে। এ পর্যন্ত দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর