ঘুরতে এসে ছেলের লাশ নিয়ে ফিরলেন বাবা-মা

ময়মনসিংহ থেকে নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে এসে সন্তানের লাশ নিয়ে ফিরলেন বাবা-মা। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল পাঁচ বছর বয়সী ফাহিম। ঘুরাঘুরির একপর্যায়ে বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নিহত হয় হাবিবুল্লাহ সিদ্দিক ফাহিম।

আজ সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং মিশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ময়মনসিংহের হাবিবুর রহমানের ছেলে এবং নাসিরাবাদ দাখিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, আজ দুর্গাপুরে পরিবারের সঙ্গে বেড়াতে আসে ফাহিম। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে তারা রানীখং মিশনের সামনে এলে ফাহিম বাবার হাত ছেড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় বেপরোয়াগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর