রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল গাজীপুরে উদ্ধার, গ্রেফতার ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল পিকআপসহ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এসময় গাজীপুর জেলার টঙ্গী, ময়মনসিংহ ও কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার অহিদ বয়াতীর ছেলে নাজমুল হোসেন (২৫), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মুন্না (২২), মালেকের ছেলে রাকিব (২৫), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার ঝাউপাড়া এলাকার শহিদ মিয়া ছেলে রনি খান (২৫), মাদারীপুর জেলার রাজাইর থানার শঙ্করদি এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান (২৫), লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্ব বওড়া এলাকার মৃত রোস্তম আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সুমন (২৫), নোয়াখালী জেলার সুধারাম থানার নামানদি এলাকার সৈয়দ আহমেদের ছেলে মানিক মিয়া (২০), ঝালকাঠি জেলার সদর থানার বঙপুড়া এলাকার বিল্লাল তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (২৫)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গত রোববার নুরুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী আন্তর্জাতিক শাহজাহাল বিমান বন্দর থেকে প্রাইভেটকারে করে তার বাড়ি ব্রাক্ষ্মনবাড়িয়া যাচ্ছিল। এসময় নুরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার কালাদী পেট্রোল পাম্পের সামনে পৌছাঁলে অজ্ঞাত একদল ডাকাত একটি পিকআপ ভ্যান দিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে।

এসময় ডাকাত দলের সদস্যরা নুরুল ইসলাম ও প্রাইভেটকারের চালকে অস্ত্রের মূখে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এসময় ডাকাত দলের সদস্যরা কুয়েত থেকে আনা ২৭ কুয়েতি দিনার, দেশীয় নগদ ৭ হাজার টাকা ও মোবাইল ফোন ও স্বর্ণালংকার, কাপড় চোপড় ও ইলেকট্রনিক্স মালামালসহ ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই রাতেই প্রবাসী নুরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে পিকআপ ভ্যানমসহ লুটকৃত মালামাল উদ্ধার করে পুলিশ। এসময় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

পরে ওই ডাকাতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ময়মনসিংহ ও ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে বাকী ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা হয়েছে। গ্রেফতারকৃতের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর