বাইক থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

দিনাজপুরের বিরলে রোববার রাত ৯টার দিকে গোলাম কিবরিয়া (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে রাণীপুকুর ইউনিয়নের রাংগন হাড়িপুকুর এলাকায় এই হত্যাকান্ডটি ঘটে। নিহত গোলাম কিবরিয়া উপজেলার হালজায় গ্রামের মৃত হান্নানের ছেলে।

জানা যায়, রোববার রাতে উপজেলার বহবলদীঘি বাজার থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন কিবরিয়া ও তার বন্ধু দুলাল হোসেন। বাজার থেকে দেড় কিলোমিটার দূরে রাংগন হাড়িপুকুর নামক স্থানে পৌঁছলে একদল অস্ত্রধারী তাদের বাইক থামিয়ে কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দুলাল হোসেন প্রাণভয়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন এসে কিবরিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীতল চন্দ্র পাহান।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ঘটনা দ্রুত তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর