টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০০ রানের জুটি আছে ১০টি। আজ মিরপুরে মুমিনুল-মুশফিকের ২২২ রানের জুটিটি এই তালিকায় জায়গা করে নিয়েছে নবম স্থানে। সেরা এই ১০ জুটির মধ্যে পাঁচটিতেই আছেন মুশফিকুর রহীম।
এর মধ্যে যে কোনো উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটিতেও নাম রয়েছে মুশফিকের। ২০১৭ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন মুশি।
এই তালিকায় ৩য় স্থানে থাকা জুটিটি ২৬৭ রানের। ২০১৩ সালের মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের সঙ্গে পঞ্চম উইকেটে এই জুটি গড়েছিলেন মুশফিক।
চার আর পাঁচ নম্বরেও মমি-মুশি জুটি। ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় চতুর্থ উইকেটে ২৬৬ রানের জুটি গড়েছিলেন তারা। একই বছরের জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় উইকেটে ২৩৬ রানের জুটি গড়েন এই দুই লিটল মাস্টার।
এবার জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি দুইশোর্ধ্ব রানের জুটি গড়েন মুশফিক-মুমিনুল। সুযোগ ছিল ২০১৮ সালের ২৬৬ রানের জুটির রেকর্ডটি ভেঙে দেয়ার। তবে মুমিনুল আউট হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। ২২২ রানে থামে তাদের জুটি।
বার্তাবাজার/কেএ