গোপালগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে মসজিদে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মসজিদ আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আগুনে কাঠ ও টিন দিয়ে তৈরী মসজিদটি অধিকাংশই পুড়ে গেছে। এতে মসজিদে রাখা কোরআন শরীফসহ অনেক ধর্মীয় বই পুরে গিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের ৮ ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সাথে বিরোধ আছে। মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দু’গ্রুপের মাঝে বিরোধ চলে আসছিল।

মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুদকার জানান, রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পেয়ে আমি দৌড়ে মসজিদের কাছে যাই। তখন আমি ঘটনাস্থল থেকে আমার চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। তারাই মসজিদে আগুন দিয়েছে বলে আমার ধারণা।

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, বিরোধপূর্ণ যায়গায় মসজিদ নির্মাণ করে সেই মসজিদে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে আমার ভাতিজা আমিনুল। আমরা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত না।

আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর