ঢাকার সাভারে আপন (৩০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ অপর ২ হিজড়া সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হত্যা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন।
আটক দুই হিজড়া হলেন মাইশা ও মোহাম্মদ আলী। পুর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লার হাফিজুর রহমানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত আপনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আপন নামের ওই হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এব্যাপারে, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় দুই হিজড়াকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে