ঘুরতে যাওয়ার কথা বলে গণধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

শিবচরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পারভেজ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কামরাঙ্গীর চর থেকে তাকে আটক করে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।

শুক্রবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানায় পুলিশ। মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। তার অন্য দুই সহযোগী পলাতক রয়েছে।

পুলিশ জানায়, দত্তপাড়ার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার তারা মুন্সীর ছেলে পারভেজ মুন্সির প্রেমের সম্পর্ক চলছিল। গত ৫ মার্চ মেয়েটিকে ঘুরতে যাওয়ার কথা বলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুর পাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় পারভেজ। সেখানে অন্য দুই সহযোগীসহ মেয়েটিকে গণধর্ষণ করে। ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বখাটেরা।

এ ব্যাপারে মেয়েটির বাবা আদালতের মাধ্যমে মামলা দায়ের করলে পারভেজ ও তার সহযোগীরা গা ঢাকা দেয়।

পারভেজের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন ও এসআই মাজেদ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওর অবস্থান চিহ্নিত করে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার এড়াতে সে দ্রুত অবস্থান পরিবর্তন করতো। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর