আবরার রাহাত হত্যা: ৪ আসামিকে গ্রেফতারের নির্দেশ

জামিন আবেদন না করায় ঢাকা রেসিডেন্সিয়াল ছাত্র নাঈমুল আবরার রাহাত হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ বাস্তবায়ন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মহানগর হাকিম মো. জসিমউদ্দিন এ আদেশ দেন।

জামিন আবেদন না করা ৪ আসামি হলেন- কিশোর আলো বর্ষপূতির অনুষ্ঠানে ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।

বাকি ৫ জনকে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশনা রয়েছে হাইকোর্টের। গত ১ নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র আবরার। এ ঘটনায় আবরারের বাবা আদালতে মামলা দায়ের করেন।

গত ১৬ জানুয়ারি আবরার হত্যা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ মোট ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

তবে মতিউর রহমান, আনিসুল হকসহ ৬ আসামি আদালতে জামিন আবেদন করলেও ৪ আসামি জামিন আবেদন করেনি। ইতোমধ্যে বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন মতিউর রহমান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর