জীবনের নিরাপত্তা হুমকিতে ক্যাসিনো সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপুতি ইসমাইল চৌধুরী সম্রাটে ওরফে ক্যাসিনো সম্রাটের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার পরিবার। সম্রাটের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার ছোট ভাই রাসেল চৌধুরী।

সম্রাটের ছোটভাই রাসেল চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা আবেদনে বলেন, গ্রেফতারের পর পরই অসুস্থ হয়ে পড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। গত দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন তিনি। শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল মাজহারও একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিভিন্নভাবে জানতে পারি সম্রাটের প্রাণনাশের চেষ্টা করে যাচ্ছিল এই জিসান। এ অবস্থায় সম্রাটের জীবন হুমকির মুখে।

গত শনিবার ভোর ৫টার দিকে শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিলকে র‌্যাব-২ মোহাম্মাদপুরের বাসবাড়ী এলাকার ৮২৪নং হোল্ডিংয়ের শাহাবুদ্দিন কনফেকশনারির সামনে বছিলা থেকে গ্রেফতার করে। ধানমন্ডি জিগাতলাগামী রাস্তায় চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে এক সিএনজির যাত্রী চেকপোস্টের সামনে থেকে সিএনজি হতে নেমে পালানোর চেষ্টা করে জিসান। এরপর তার দেহ তল্লাশি করে তার পরিহিত ট্রাউজারের কোমরে পেছনে গোঁজা ম্যাগাজিনে ছয় রাউন্ড গুলিসহ দুটি অবৈধ বিদেশি পিস্তল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে শাকিল এবং জিসানের সহযোগী বলে স্বীকার করে।

বিভিন্ন সূত্র জানায়, সম্প্রতি ক্যাসিনোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক অভিযানের পর টালমাটাল হয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ড। প্রকাশ্যে থাকা দাগি প্রভাবশালী অপরাধীরাও ক্যাসিনো অভিযানের পরে আত্মগোপনে চলে যায়। এর সুযোগ নিয়ে মাঠপর্যায়ের সন্ত্রাসীরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে পড়ে তাদের। এ অবস্থায় ফাঁকা আন্ডারওয়ার্ল্ড দখলের নানা মেরুকরণ শুরু হয় শীর্ষ অপরাধীদের মধ্যে। দেশ-বিদেশের পাশাপাশি জেলখানায় বসেও ঢাকা দখলের উদ্দেশ্যে বৈঠক চলে। নির্দেশনা পাঠানো হয় তাদের অনুসারীদের কাছে। বিশেষ করে শীর্ষ দুই সন্ত্রাসী কারাবন্দি কিলার আব্বাস ও আত্মগোপনে থাকা জিসান নতুন করে মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর