পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে জোছনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা তার ছোট ভাইয়ের স্ত্রীও আহত হয়। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামে খুনের এ ঘটনাটি ঘটে
পূর্ব ভরাটি গ্রামের চাঁন মিয়ার স্ত্রী, নিহত জোছনা বেগমের বাবার বাড়ি একই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জোছনার স্বামী চাঁন মিয়া একজন জুয়াড়ি। বছর খানেক আগে পারিবারিক বিরোধের জের ধরে চাঁন মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে তিনি স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর থেকে জোছনা বাবার বাড়িতে বসবাস করতে শুরু করেন।
ওই মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি দিয়ে আসছিল চাঁন মিয়া। রোববার সন্ধ্যার দিকে ভরাটি গ্রামে জোছনা ও তার ভাইয়ের স্ত্রীকে রাস্তার পাশে পেয়ে তাদের ওপর হামলা করে চাঁন মিয়া। এ সময় চাঁন মিয়ার ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন জোছনা বেগম। আর আহত ছোট ভাইয়ের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে