তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতো যুবমহিলা লীগ নেত্রী পাপিয়া
নরসিংদী থেকে কাজ দেয়ার কথা বলে তরুণীদের ঢাকায় এনে অনৈতিক কাজে বাধ্য করতো সদ্য বহিষ্কৃত যুবমহিলা লীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। যেসব তরুণী পিউর কথার অবাধ্য হতো তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। রোববার (২১ফেব্রুয়ারি) কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল।
রোববার ভোরে ফার্মগেট এলাকায় রওশন’স ডমিনো রিলিভো নামের একটি বিলাসবহুল ভবনে পাপিয়া ও তার স্বামীর দুটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি পাসপোর্ট ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও ওই দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর নরসিংদী এলাকায় কিউ এন্ড সি নামের ক্যাডার বাহিনী দিয়ে নরসিংদীতে চাঁদাবাজি, মাসোহারা আদায়, অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। রাজধানীর ফার্মগেট এলাকার রওশন’স ডোমিনো রিলিভো ভবনে দুটি ফ্ল্যাট এবং নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট রয়েছে পাপিয়া ও স্বামীর। এছাড়াও এই দম্পতির রয়েছে নিজস্ব বিলাসবহুল ব্যাক্তিগত গাড়ি।
নরসিংদীর বাগদী এলাকায় ২ টি প্লটও রয়েছে এই দম্পতির। যার মূল্য ২ কোটি টাকা বলে জানায় র্যাব। এছাড়াও তেজগাও এলাকায় এফডিসি গেট সংলগ্ন ‘কার একচেঞ্জ’ নামের গাড়ির শোরুমে তাদের ১ কোটি টাকার বিনিয়োগ আছে। নরসিংদীর কেএমসি কারওয়াশ এন্ড অটো সলিউশান’ নামের একটি প্রতিষ্ঠানে ৪০ লক্ষ টাকার বিনিয়োগ আছে। র্যাবের জিজ্ঞাসাবাদে পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকে তাদের নামে –বেনামে অনেক একাউন্টে বিপুল পরিমাণ অর্থ থাকার কথা স্বীকার করেছে। র্যাব এসব বিষয়ে অনুসন্ধান করছে বলে জানায় লেফটেন্যান্ট শাফী উল্লাহ বারী।
পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর নরসিংদী এলাকায় ‘কিউ এন্ড সি’ নামের ক্যাডার বাহিনী দিয়ে নরসিংদীতে চাঁদাবাজি, মাসোহারা আদায়, অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো।
বার্তা বাজার / ডব্লিও.এস