সিরাজগঞ্জে ৬ ডাকাত-ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জের সদর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন এবং ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলে ও রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর ও শহর রক্ষাবাঁধের হার্ড পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা হলেন সদর উপজেলার হাট সারটিয়া গ্রামের আব্দুল মমিন (২১), একই গ্রামের ফিরোজ (২১) ও মোহনপুর গ্রামের মো. বরাত (২০)।

আটক ছিনতাইকারীরা হলেন শহরের দত্তবাড়ী মহল্লার সুমন খলিফা (২২), একই মহল্লার রাব্বি খলিফা (২০) ও দত্তবাড়ী বিন্দুপাড়া মহল্লার প্রান্ত (১৯)।

রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আটককৃত ডাকাতরা সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন।

গতকাল রাতে পূর্ব মোহনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি হাসুয়া ও একটি ছোরা জব্দ করা হয়।

এ ছাড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান জানান, গতকাল বিকেলে রানীগ্রাম বটতলা থেকে গুণেরগাঁতী সড়কে নাহিদা নামের এক নারীকে চাকু ঠেকিয়ে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন ওই তিন ছিনতাইকারী।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামনে থেকে ছিনতাইকারীদের পথরোধ করে তাদের আটক করে। এ সময় ছিনতাই হওয়া নগদ ২৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসেট উদ্ধার করে। এসব ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর