সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা উদ্বোধন
সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলা উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন, নাসিবের প্রেসিডেন্ট রেজাউল করিম রঞ্জু প্রমুখ।
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এসএমই মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০৭ সাল থেকে দুই বছর পর পর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে ওই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মেলায় দেশীয় পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা। পাট, চামড়া, পোষাকসহ বিভিন্ন পণ্যসামগ্রীর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বার্তাবাজার/এমকে