সিরাজগঞ্জে শ্যামলী পরিবহনে অভিযান, ৪ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ২৮২ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের উত্তর পার্শ্বে থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার পূর্বমহেষ পাড়া গ্রামের তারাজুল হক মন্ডলের ছেলে মিল্টন ইসলাম (১৯), একই গ্রামের ফুলমিয়ার ছেলে তারেক রহমান (২০), পূর্বতেগানী গ্রামের নূরনবী ব্যাপারীর ছেলে শাকিল আহম্মেদ (২২) ও একই গ্রামের নাজির হোসেন মন্ডলের ছেলে নাহিদ সুলতান (২৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল চায়না ব্রিজ এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে