পলিটেকনিকে নিয়মিত ক্লাসের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা যে আসলেই নিজ দায়িত্বের প্রতি কতটা সচেতন তা বিগত কয়েকটা বছরের ইতিহাস ঘাটলেই বোঝা যায়। শুরুটা ২০১৭ সালে ‘৭টা সৃজনশীল লিখব না’ আন্দোলনের মধ্য দিয়ে। এরপর ‘ডিসি বদলি বাতিল’, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন ছিল দেশের বুকে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের নতুন করে চেনানোর আন্দোলন।

এছাড়া কয়েক মাস আগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র রিয়াজ আহমেদ কানন কর্তৃক ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী শিশু সুমনা আক্তার (৯) হত্যার প্রতিবাদে ৭দিন উত্তাল ঠাকুরগাঁওয়ের সড়ক।

শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান, মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা মিছিল ও শোক সভার পর গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা।
এদিকে, আজ নিয়মিত ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে রবিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপি অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বেতন না পাওয়ায় গত ১৮ মাস ধরে আমাদের ক্লাস নেওয়া বন্ধ রেখেছেন। এ অবস্থায় সেশন জটে পড়তে যাচ্ছি আমরা। নিরুপায় হয়ে নিয়মিত ক্লাসের দাবিতে এবং সেশন জোট থেকে নিজেদের রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীতে আমরা আরো কঠোর আন্দোলনে যাবে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগেও ২দিন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের সময় নিয়ে বিষয়টি সমাধানে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এমকে