ইবিতে ভর্তি হয়েছেন ১৩ বিদেশী শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ বিদেশি শিক্ষার্থীকে ভর্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাত আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

একাডেমিক শাখা সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য ৩০ জন বিদেশি শিক্ষার্থী আবেদন করে। যার মধ্যে ৯ জন নেপালের, ১জন শ্রীলঙ্কার এবং ৩ জন সোমালিয়ান শিক্ষার্থীকে কর্তৃপক্ষ ভর্তির জন্য অনুমোদন দিয়েছে।

নেপালি শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসী বিভাগে ৪ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ২ জন। শ্রীলঙ্কার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) ১ জন। অন্যদিকে সোমালিয়ার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া আরো ৩ জন নেপালী শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ইবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৭ জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিল। গতবারের তুলনায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি হওয়ার বিষয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাত আজাদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বিগত সময়গুলোতে একদিনের জন্য বন্ধ হয়নি। শিক্ষা-দীক্ষার গুণগতমান উন্নয়ন হবার কারণেই দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের পরিচিতি বেড়েছে।

এখানে শিক্ষার গুণগত মান, উন্নত কারিকুলাম ও শিক্ষকদের বিভিন্ন ট্রেনিং ও আন্তর্জাতিক সেমিনার হচ্ছে এবং আমরা পর্যাপ্ত আবাসিক সুযোগ সুবিধা দিচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুন্দর মনোরম পরিবেশের কারণে তারা আগ্রহী হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর