ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে এক বালু শ্রমিককে হত্যা করা হয়েছে। শনিবার রাতে এশার নামাজ পড়ে বের হবার পর হামলা চালিয়ে হত্যা করা হয় আজিজুল ইসলাম নামের ওই বালু শ্রমিককে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচরাচর নামাপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে বালু শ্রমিক আজিজুল ইসলাম (৪০)। ব্রহ্মপুত্র নদের বালু শ্রমিক আজিজুলের শ্যালক শ্যালক মাসুদ মিয়া ইজিবাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুরা ইজিবাইকে উঠার চেষ্টা করে। ইজিবাইকে শিশুদের না তোলায় প্রতিবেশী তাছির উদ্দিনের পরিবারের সদস্য সৌরভ ইজিবাইকটি আটকিয়ে মাসুদকে শাসায়।
বিষয়টি মাসুদ তার ভগ্নিপতি আজিজুলকে জানালেও শনিবার এশার নামাজের পর স্থানীয় একটি চায়ের দোকানে বিচার দিতে যায় তাছির উদ্দিনকে। ওই সময় বাকবিতন্ডার এক পর্যায়ে হামলা চালানো হয় আজিজুল ইসলামের উপর ওপর। বল্লম দিয়ে আজিজুলকে আঘাত করলে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে মারা যান।
জখম করা হয় মাসুদ মিয়াকেও। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ঈশ্বরগঞ্জ থানার একদল পুলিশ ও ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সাখের হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে যান। ওই সময় আটক করা হয় তাছির উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন, ছেলে ফারুখ মিয়ার স্ত্রী লাইলী আক্তার ও মাসুদ মিয়ার স্ত্রী শারমিন আক্তারকে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামছুন্নাহার বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে তাছির উদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বার্তাবাজার/এমকে