পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া তরুণীর মাথার দাম ঘোষণা

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জন্য অমূল্য লিওনা নামে এক ছাত্রকর্মীর মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অতি দক্ষিণপন্থী সংগঠন শ্রীরাম সেনার পক্ষ থেকে এ ঘোষণা আসে। সংগঠনের তরফে জানানো হয়, অমূল্যাকে হত্যা করতে পারলে হত্যাকারীকে ১০ লাখ রুপি দেবে তারা।

যদিও তরুণীর বাবার দাবি, তার মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। তবে স্টেজে উঠে কেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে গেল তা জানা নেই তার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিএএ বিরোধী সভার শেষে আমিম (AIMIM) নেতা আসাদউদ্দিন ওবেইসি যখন মঞ্চ ছাড়ছেন, তখন ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে বাধা দেন মঞ্চে হাজির নেতারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলার সময় দক্ষিণ বেঙ্গালুরু কলেজের ওই ছাত্রী তার বক্তব্যের অংশ হিসেবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। এ ঘটনায় ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় অমূল্য লিওনাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

মঞ্চ থেকে নামতে গিয়েও ফিরে এসে তরুণীকে এই কাজ করতে নিষেধ করেন ওবেইসি। কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি তিনি। কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে শুরু করেন তিনি। তখন তাকে বলপূর্বক নিরস্ত করেন পুলিশ কর্মকর্তারা।

এরপর জানা যায়, তরুণীর নাম অমূল্য। পরে তাকে গ্রেপ্তার করে দেশদ্রোহিতার মামলা রুজু করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর