টুইটারে হঠাৎ আলোচনায় বুমরা। ভালো খেলার সুবাদে নয়। হারিয়ে যাওয়া বুমরাই হঠাৎ উঠে আসলেন আলোচনায়। সমর্থকদের একাংশ বলে দিচ্ছেন, এই বুমরা আমাদের পরিচিত নয়, আমরা এই বুমরাকে চিনি না। গত বছর বিশ্বকাপে অসাধারন পারফরম্যান্স করেছিলেন ইংল্যান্ডের মাটিতে। ১৮ উইকেট শিকার করেছিলেন পুরো টুর্নামেন্টে।
বিশ্বকাপের আগ থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছিলেন এই ডানহাতি ভারতীয় পেসার। তবে গত বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে এই তারকা বোলারের। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরেই ছিলেন।
বছরের বাকি সময় ব্যাট-বলের লড়াইয়ে ফিরতে না পারলেও চলতি জানুয়ারিতে ফের একবার মাঠে নেমেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে। লঙ্কানদের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেন এই পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি২০ সিরিজেও ছিলেন তিনি। তবে চারটে সিরিজ খেলার পরেও এই বুমরা অতীতের ছায়ামাত্র।
২০২০ সালে নতুন করে মাঠে ফেরার পরে মাত্র ৯ উইকেট পকেটে তুলেন বুমরা।যা কোন ভাবেই বুমরা-সুলভ নয়। চলতি টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ছন্দে নেই। বুমরার অফ ফর্মের কারণেই ওয়েলিংটনে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউইরা।
নিজের লাইন-লেংথ বজায় রেখে বোলিং করতে যেমন ব্যর্থ হচ্ছেন, তেমনই অধিকাংশ বল ফুল লেংথে অথবা শর্ট লেংথে করছেন যা একজন ব্যাটসম্যান সহজেই খেলতে পারছেন। এমন রংহীন বুমরাকে দেখার পরে টুইটারে সমর্থকরা বলে দিয়েছেন, বুমরার অফ ফর্ম মোটেই ভালো ইঙ্গিত নয়।
বুমরা সমর্থকরা পরিসংখ্যান ঘেঁটে বলেন, নিউজিল্যান্ডের সাথে টানা ৪৮ ওভার বোলিং করেও উইকেট শুন্য থাকতে হয় তাকে । পাশাপাশি, নতুন বছরে ফিরে আসার পরে বুমরা মাত্র ৯ উইকেট নিয়েছেন। এতেই আশঙ্কা আরো বেড়ে গেছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
বার্তাবাজার/কেএ