প্রক্টরিয়াল বডির ৪ সদস্যসহ সাবেক ২ শিক্ষার্থীকে পেটাল ঢাবির এসএম হলের ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী ক্যাম্পাসে এসে বর্তমান শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন। এসময় তাদের উদ্ধার করতে এসে প্রক্টরিয়াল বডির ৪ সদস্যও মারধরের শিকার হন। শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, ঢাবির থিয়েটার ও পারফরমেন্স বিভাগের সাবেক ছাত্র রানা নাসের, তার ছোট ভাই বাপ্পী ও মার্কেটিং বিভাগের সাবেক ছাত্রী নুজহাত ফারহানা।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সহসভাপতি (ভিপি) কামাল উদ্দীনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

মারধরের শিকার রানা নাসের বলেন, ছোট ভাইকে চীনে ভর্তি করানোর বিষয়ে নুজহাত আপুর সঙ্গে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের গেটের সামনে বসে পরামর্শ করছিলাম। এ সময় রাস্তায় কয়েকজন ছেলে এসে আমার ছোট ভাইকে মারধর শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ধাওয়া দিলে তারা চলে যায়। যাওয়ার সময় তাদের একজনকে আটকে রাখি এবং পরিচয় জানতে চাই। কিছুক্ষণ সলিমুল্লাহ হলের ভিপি কামাল উদ্দীনের নেতৃত্বে ৫০-৬০ জন ছেলে সেখানে আসে।

কামালসহ তার অনুসারীরা আপুর পরিচয় জানতে চায়। আপু নিজেকে বিশ্ববিদ্যালয়ের “এক্স স্টুডেন্ট” পরিচয় দিলে ভিপি কামাল ‘‘এক্স’’ শব্দটিকে বিকৃত করে গালাগাল এবং হেনস্তা করেন। কিছুক্ষণ পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে আমাদের বাঁচাতে চাইলে তাদের ওপর ও হামলাকারীরা হামলা করে। হামলায় প্রক্টরিয়াল বডির ৪ জন আহত হন।

মারধরের ঘটনায় প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেয়াসহ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী রানা নাসের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একাধিক সদস্য নাম প্রকাশ না করা শর্তে জানান, কামাল উদ্দিন ক্যাম্পাসে বহিরাগত বা সাবেক শিক্ষার্থীদের ধরে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা, মোবাইল ছিনতাই করে।

এ বিষয়ে জানতে এসএম হলের ভিপি কামাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রক্টরিয়াল বডির চার সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রাব্বানী বলেন, আহত হওয়া প্রক্টরিয়াল বডির ৪ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আমাদের সময়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর