তৈরি পোষাক চোর চক্রের ১০ সক্রিয় সদস্য গ্রেফতার
চট্টগ্রামে চুরি হওয়া ৩ কাভার্ড ভ্যান রপ্তানিযোগ্য পোষাক উদ্ধার সহ চোর চক্রের দশ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২২ ফেব্রুয়ারী) ইপিজেড থানা পুলিশ তিনটি কাভার্ড ভ্যান গাড়ি হইতে চুরি যাওয়া ৪৬৫৭ পিচ শার্ট, ১৫২০ পিচ শর্ট প্যান্ট উদ্ধার এবং চোর চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইপিজেড থানা এলাকায় চট্টগ্রাম পরিবহণের সময় গাড়িতে থাকা বিদেশে রপ্তানীযোগ্য গার্মেন্টসের তৈরী পোষাক চুরির অভিযোগ ছিল। তৈরি পোষাক চোর ও আত্মসাৎকারী দলের সক্রিয় সদস্যদের হাতেনাতে ধরার জন্য ইপিজেড থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব মীর মোহাম্মদ নূরুল হুদা এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওসমান গনির সার্বিক দিক নির্দেশনায় ইপিজেড থানার একটি দল দীর্ঘদিন যাবৎ তৎপর ছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (২২ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ সিইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নং-ঢাকা- মেট্টো-ট-২০-১২১৬) হতে রপ্তানীযোগ্য গার্মেন্টস মালামাল চুরি করার সময় ১ নং আসামি গাড়ির ড্রাইভার মোহাম্মদ সুমন (৩১) ও ৩ নং আসামি হেলপার মোহাম্মদ ইউসুফকে (৩৫) হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের তথ্য মতে, আরো দু’টি কাভার্ড ভ্যানের ধৃত চালক ও ৩নং আসামি মোহাম্মদ তাজুল ইসলাম হাসান (২২), ৪ নং আসামি হেলপার মোহাম্মদ রুবেল হোসেন (২০), ৫ নং আসামি সুমন (১৯), ৬ নং আসামি বোরহানকে (২৬) আটক করলে তারা স্বীকার করেন যে, গত ১৬ ফেব্রুয়ারী পার্ল গার্মেন্টস কোম্পানী লিমিটেড (পলাশ বাড়ি, নবীনগর, সাভার, ঢাকা) এবং কসমোপলিটন ইন্ডাষ্ট্রিস প্রাইভেট লিমিটেড (খেজুর বাগান, সাভার, ঢাকা) এর ৩৯৮ কার্টুনে ৯৬৩৭ পিচ শার্ট এবং ৫৮৮ কার্টুনে ১০০৩২ পিচ শর্ট প্যান্ট চুরি করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের নিয়ে কিউএনএস কন্টেইনার ডিপো কর্তৃপক্ষের লোকজন সহ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের নিমিত্তে গত ১৮ হতে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত ঢাকা শহর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তৈরি পোষাকচোর চক্রের অন্যান্য সক্রিয় সদস্য ও ৭ নং আসামি নুরুন্ন নবী প্রকাশ সোহাগ (৪০), ৮ নং আসামি মোহাম্মদ মাসুদ (৩০), ৯ নং আসামি মাহাবুবর রহমান প্রকাশ শাওন (৩২), ১০ নং আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ রিপনকে (২৩) গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি মতে, ডিএমপিস্থ ডেমরা থানাধীন পাড়াডগার (ধার্মিক পাড়া) হাজী নজরুল ইসলাম এর বাউন্ডারী ওয়াল দেওয়া খালি জায়গা হইতে চুরি যাওয়া ৪৬৫৭ পিচ শার্ট এবং ১৫২০ পিচ শর্ট প্যান্ট উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট-২০-১২১৬, ঢাকা মেট্টো-ট-১৬-৯৭১২ ও চট্ট মেট্টো-ট-১১-৮৯৪৭ এর তিনটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
দেশের বিভিন্ন জেলা হতে রপ্তানিযোগ্য তৈরি পোষাক চুরির দায়ে সর্বমোট মোট ১০ (দশ) জনকে গ্রেফতার করে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় ইপিজেড থানা পুলিশ।
বার্তা বাজার / ডব্লিও.এস