শিক্ষার্থীদের সততার চর্চা করতে বললেন ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি অধ্যাপক ড. দিল আফরোজা বেগম নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই। তোমরা যে যে বিভাগেই পড়ছো না কেন সে বিষয়কে গুরুত্ব দিয়ে পড়তে হবে যাতে করে তোমরা তোমাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের জন্য কাজ করে যেতে পার। তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে ধারণ করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে তারা কখনো কোন অন্যায় ও দূনীতিকে প্রশ্রয় দিতে পারেনা।”

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, “তোমারা নবীন তোমাদেরকে সততার চর্চা করতে হবে। তোমাদেরকে সথ এবং দায়িত্ববান হয়ে দেশের সেবা করতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক,ছাত্র উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর