সিএএ-এনআরসি নিয়ে মোদির সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প

ভারতের বিতর্কিত জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এখবর জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের প্রতি যুক্তরাষ্ট্রের অগাধ শ্রদ্ধা রয়েছে এবং ভারত যাতে সেগুলোকেই ঊর্ধ্বে রাখে সেটির জন্য আমরা উৎসাহ দেব।

এনআরসি ও সিএএ আলোচনায় থাকবে কিনা- এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তা নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত আলোচনায় প্রেসিডেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবেন। মনে রাখবেন ভারত যাতে করে গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখে সেটির দিকে তাকিয়ে আছে বিশ্ব।

মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের উভয়ের ঐতিহ্য, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রকাশ্য বক্তব্যে ও একান্ত আলাপে তুলে ধরবেন। তিনি ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবেন কারণ তা এই প্রশাসনের কাছে খুব গুরুত্বপূর্ণ।

১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি ভারত পৌঁছাবেন ট্রাম্প। সেখানে তিনি আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প শীর্ষক এক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর