শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলফাডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার গোপালপুর বাজারে শহীদ জাফর ক্লাব চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান।
অনুষ্ঠানে শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহ সম্পাদক ও তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক খান মঈনুল ইসলাম (মোস্তাক) এর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরে তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোল্যা মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান ও বিশিষ্ট সমাজসেবক কাজী শরিফুল ইসলাম ওমর প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন গোপালপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ খান আমিরুল ইসলাম।