অবশেষে রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোণ

অবশেষে বিটিআরসি’র পাওনা ১ হাজার কোটি টাকা শোধ করার ঘোষনা দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন। আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (রোববার) এ টাকা শোধ করা হবে বলে জানিয়েছে মোবাইল অপারেটরটি। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন।

গ্রামীণফোন আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি বিটিআরসিকে তার পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। গ্রামীণফোন বাংলাদেশের আইনি ব্যবস্থা, সুপ্রিম কোর্টের নির্দেশকে শ্রদ্ধা করে এবং সেই সাথে বিটিআরসির অব্যাহত চাপ থেকে রক্ষা পেতে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণফোনের কার্যক্রমকে সীমিত করতে বিটিআরসি গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেয়ার পদক্ষেপ গ্রহণ করাসহ নানা পদক্ষেপ নিয়েছে যা ব্যবসায়িক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা বিটিআরসির অডিট রিপোর্টের বৈধতা দাবি করে আদালতের অবস্থান জানার অপেক্ষায়ও রয়েছে বলেও জানায় গ্রামীণফোন।

উল্লেখ্য, এর আগে আপিল বিভাগ বিটিআরসির নিরীক্ষা আপত্তি নিয়ে গত বছরের ২৪ নভেম্বর তিন মাসে ২ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেয়। আপিল বিভাগের আদেশের রিভিউ চেয়ে আবেদন করে গ্রামীণফোন। গত বৃহস্পতিবার আপিল বেঞ্চ গ্রামীণফোনকে নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা সোমবারের মধ্যে দিতে নির্দেশ দেন। এমন প্রেক্ষাপটে আপিল বিভাগের রায় মেনে রোববার এক হাজার কোটি টাকা দিতে যাচ্ছে গ্রামীণফোন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর