বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের মতো অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা।
শুক্রবার একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বাহান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে দেখা যায় তাদের।
এসময় সোমালিয়া, ইথিওপিয়া, নেপালসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৩৫ জন বিদেশি শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সেল স্বতঃস্ফূর্তভাবে এ পুষ্পার্ঘ্য অর্পণে অংশ গ্রহণ করেন।
এবিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমাদের ভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিদেশি শিক্ষার্থীরা তাদের মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের দিবসে অংশ গ্রহণ করেছে।
এর আগে রাত ১২টা এক মিনিটে শহীদ বেদিতে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, ইবি ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস