দৌলতদিয়ায় জানাজা হলো আরও এক যৌনকর্মীর

রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমানের কল্যাণে আবারও আরেক যৌনকর্মী পেল কাফন-দাফন। গতকাল (২০শে ফেব্রুয়ারি) সকালে রিনা বেগম নামের মৃত যৌনকর্মীর জানাজা পড়ান থানা মসজিদের ঈমাম আবু বকর সিদ্দিক।

ওসি আশিকুর রহমান জানান, ‘মানবিকতার বিবেচনায় এই নারীর কাফন দাফন জানাজা হয়েছে। এখন থেকে সকল যৌনকর্মীই ধর্মীয় রীতি অনুযায়ী কাফন দাফন জানাজা পাবে। আমি নিজে ব্যবস্থা করব’

যৌনপল্লীর নেত্রী ঝুমুর জানান, এর আগে যৌনকর্মীদেরকে দিনের বেলা কবর দেয়া যেতো না। এলাকার সাধারণ লোকজন দাফনের কাজে বাঁধা হয়ে দাঁড়াতো। কিন্তু, আমরাওতো মানুষ। জানাজা ও দাফন পাওয়া আমাদেরও অধিকার।’

আজকে অনুষ্ঠিত রিনা বেগমের জানাজায় রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রহমান ছাড়া আরও বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন অংশ নেন।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারির আগে যৌনপল্লীর কোনো নারী জানাজা কিংবা দাফন পেতো না। রাতের আধারে মাঠিতে পুঁতে ফেলা হতো নয়ত নদীতে ভাসিয়ে দেয়া হত। স্থানীয় থানার ওসি আশীকুর রহমানের উদ্যোগে কোনো যৌনকর্মীর জানাজা ওইদিনই প্রথম হয়।প্রথম জানাজার নামায পড়িয়েছিলেন স্থানীয় ইমাম গোলাম মোস্তাফা। কিন্তু এলাকাবাসীর সমালোচনা আর কটাক্ষ শনে তিনি আর কখনও যৌনকর্মীর জানাজা পড়াবেন না বলে জানিয়েছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর