বর্ণাঢ্য আয়োজনে ববিতে মহান শহীদ দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিনের নেতৃত্বে একটি র্যালী বের হয়। এসময় রেজিস্টার ( চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুহসিন উদ্দীন, প্রক্টর ড.সুব্রত কুমার দাস, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরা র্যালীতে অংশ নেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুল ফটক থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান উপাচার্য। উপাচার্যের পর বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ, তিনটি হল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
সকাল সাড়ে ১০ টায় অমর একুশের তাৎপর্য তুলে ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কীর্তনখোলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ (কালু) সহ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তারা। এসময় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় বিশিষ্ট ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ (কালু) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, ‘‘সাংবিধানিকভাবে সর্বস্তরে মাতৃভাষা বাংলার প্রচলন নিশ্চিত করতে হবে। বাঙ্গালী জাতির চেতনা উন্মেষে ভাষা আন্দোলনের অনন্য ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন বাঙ্গালী চেতনা জাগ্রত করেছিল এবং বাঙ্গালিকে সংঘবদ্ধ করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে জড়িত ছিল। যার প্রতিফলনই স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ।
এসময় বাংলা ভাষা চর্চার মাধ্যমে বাঙ্গালী জাতি ও বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠ করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান উপাচার্য।
বার্তা বাজার / ডব্লিও.এস