মহান একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তাজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনাজপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী অমর একুশে বই মেলা ২০২০। আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব সমৃদ্ধ লেখকদের লেখা নিয়ে নতুন নতুন অনেক বই এসেছে এবারের বই মেলায়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে একুশে বই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ প্রমুখ।
ছড়া, গল্প কবিতা ও উপন্যাস লেখা নিয়ে এবারের বই মেলায় জেলার বিভিন্ন জায়গায় থেকে ৪৫টি বইয়ের স্টোল বসেছে। বই মেলা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মাহমুদুল আলম সাংবাদিকদের বলেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দিনাজপুরবাসীর জন্য আমরা একটি বই মেলার আয়োজন করেছি। এই মাসেই আমাদের স্বাধীনতার সূতিকাগারের বীজবপণ করা হয়েছিল। আমরা জানি বই এবং গাছ কখনোই মানুষের সাথে প্রতারণা করে না। বই পড়ার জন্য এই অ লের মানুষ এখানে আসবে এবং জ্ঞান আরোহন করবেন। আমরা মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে সারাবছর ব্যাপী বিভিন্ন ধরণের অনুষ্ঠান করব। শোষণহীন সমাজ ও শান্তিপূর্ণ দিনাজপুর গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘ভাষার জন্য ছাত্ররাই আন্দোলন শুরু করেছিল। সেই ছাত্র সমাজের প্রতি আমাদের আহবান, আমরা আলোকিত দিনাজপুর গড়তে চাই। বই মেলায় সব ধরণের নিরাপত্তাসহ নিশ্চিতসহ পাঠকরা যাতে নিবির্ঘ্নে আসতে পারে সেজন্য আমাদের পুলিশ ফোর্স সর্বদাই থাকবে বই মেলায়।
পরে সন্ধ্যা ৭টার দিকে আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা কবিতা, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
বার্তাবাজার/এমকে