ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোনের ৪০ মাসের জেল

ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
এছাড়া ২০ হাজার ডলার জরিমানা এবং ২৫০ ঘণ্টার ‘কমিউনিটি সার্ভিস’ দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে এ রায় দিয়েছে আদালত।

এসব অভিযোগে গত বছরের নভেম্বরেই দোষী সাব্যস্ত হয়েছিলেন স্টোন। বৃহস্পতিবার বিচারক অ্যামি বারম্যান রজারের সাজার মেয়াদ জানান। জেল খাটার পর রজার স্টোনকে আরও ২৪ মাস নজরদারির মধ্যে থাকতে হবে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকদের সঙ্গে রাশিয়ার সন্দেহভাজন আঁতাত নিয়ে ওঠে আসা তদন্তে সাজাপ্রাপ্ত ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে স্টোন ষষ্ঠ।

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে হওয়া তদন্তে আইনপ্রণেতাদের মিথ্যা তথ্য দেয়া, তাদের কাজে বাধা দেয়া এবং সাক্ষীদের প্রভাবিত করার দায়ে রজারকে এ দণ্ড দেয়া হয়। রায় পড়ার সময় বিচারক জানান, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে দাঁড়ানোর জন্য স্টোনের বিচার হয়নি, বিচার হয়েছে প্রেসিডেন্টের কাজকর্ম ঢেকে ফেলার জন্য।

৬৭ বছর বয়সী রজার উইকিলিকসের সঙ্গে যোগাযোগের চেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটিকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক ও সামরিক নথি ফাঁস করে দিয়ে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকস ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়া ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের কিছু ই-মেইল ফাঁস করেছিল। ওবামার মন্ত্রীসভার পররাষ্ট্রমন্ত্রী থাকাবস্থায় হিলারির তোলপাড় সৃষ্টি করা ওইসব ইমেইল ট্রাম্পের জয়ে ভূমিকা রেখেছিল বলে ধারণা অনেকের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর