শহীদ মিনারে শ্লোগান দেওয়া নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শ্লোগান দেওয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ঢিল ছোঁড়াছুড়ি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মী শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্ত্বরে জড়ো হয়ে দলীয় শ্লোগান দিতে থাকে।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিরেবদন শেষে ছাত্রদল নেতাকর্মীরা আবারও দলীয় শ্লোগান দিয়ে হাততালি দিতে-দিতে শহীদ মিনার এলাকা ত্যাগ করতে থাকে। তাদের হাতে তালির শ্লোগান নিয়ে ছাত্রলীগ কর্মীরা আপত্তি তুললে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

পরে ছাত্রদল কর্মীরা শহরের ভায়না এলাকায় এবং ছাত্রলীগ কর্মীরা সরকারি কলেজ সড়কের ডিসি কোর্ট মার্কেটের সামনে অবস্থা নিয়ে পরস্পরের দিকে ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, ‘শহীদ দিবসের শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র মিছিল নিয়ে উসকানিমূলক স্লোগান আর হাততালি দিয়ে ছাত্রদল শহীদ মিনার এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল।’

ছাত্রদল সভাপতি আব্দুর রহিম বলেন, ‘আমরা ফুল দিয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করে মূল সড়কে চলে আসার পর বিনা কারণে ছাত্রলীগ আমাদের ওপর চড়াও হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ফুল দেওয়া শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর