নানা আয়োজনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৭ টায় ভিসি প্রফেসর ড.মোঃ শাহজাহানের নেতৃত্বে শোক র্যালি অনুষ্ঠিত ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। র্যালিটি জয় বাংলা চত্বর থেকে আরম্ভ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে , কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ০৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনে নিহত শহীদেদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময়ে ছাত্র পরিষদের সভাপতি মশিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আরাফাত রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষার ভাষার গুরুত্ব দিতে গিয়ে ভিসি প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, আমাদের জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা ইংরেজী ভাষা চর্চার প্রতি যতটা গুরুত্ব দিচ্ছি, বাংলা ভাষার প্রতি ততটা নয়। ফলে দেশ ও জাতি বিভিন্ন দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। এছাড়াও তিনি উন্নত বিশ্বের ইাউরোপিয়ান দেশ গুলোর উন্নতির মাধ্যম হিসেবে নিজেদের মাতৃভূমি ও মাতৃভাষা চর্চার কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আরাফাত রহমান বলেন, মহান একুশে ফেব্রুয়ারি পালন বাঙালী সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। অর্ধশত বছরের বেশী সময় ধরে আমরা গৌরবের সাথে এ দিনটি পালন করে আসছি। প্রতি বছরে এ দিনটি আমাদের জাতিগত নিজস্ব চেতনা জাগ্রত করে। তিনি আারও বাঙালী জাতি হিসেবে, নিজস্ব সংস্কৃতিকে ভালোবেসে অপসংস্কৃতি বর্জনের আহ্বান জানান।
এর আগে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
বার্তাবাজার/এমকে