নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী (৪০) নিহত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৩টায় উপজেলার কালনী এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর নাম পরিচয় পাওয়া যায়নি।
র্যব-১ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার কালনী চেকপোষ্টে ডিউটি করাকালীন একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-৯৫২৩) সিগন্যাল দিলে প্রাইভেটকারের ভেতর থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।
এসময় র্যাব পাল্টা গুলি ছুড়লে এসময় একজন গুলিবিদ্ধ হয়। বাকী দুজন পালিয়ে যায়। এসময় ২ টি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ২’শ ৯৬ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করে র্যাব। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ওই মাদক ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে র্যাব মরদেহটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে র্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলায় প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে