বকেয়া বিল পরিশোধের পরই দেওয়া হবে গ্যাস সংযোগঃ কেজিডিসিএল
বকেয়া বিল পরিশোধ করার পরই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিচ্ছিন্ন গ্যাস সংযোগ সংযুক্ত করা হবে বলে জানিয়েছে কেজিডিসিএল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর মহা ব্যবস্থাপক(রাজস্ব বিভাগ) মোহাম্মদ মতিউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ হতে আগামী রোববারের (২৩ ফেব্রুয়ারি) একটি চেক জমা দেওয়া হয়েছে। তবে চেকের টাকা ব্যাংকে জমা হওয়ার আগে সংযোগ পুনঃস্থাপন করা যাবেনা। চেকের টাকা জমা না হওয়া পর্যন্ত চেকের কোন মূল্য নেই।”
তিনি আরো বলেন,” চেকের টাকা ব্যাংকে জমা হলে বিপণন বিভাগকে সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হবে।” এদিকে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ কেজিডিসিএল’র নিকট ২ লাখ ৮০ হাজার টাকার একটি চেক জমা দেওয়ার কথা স্বীকার করে বলেন, “গ্যাসের সংযোগ পুনরায় সংযুক্ত করার জন্য কেজিডিসিএলের কাছে হাসপাতালের হিসাব শাখার কর্মকর্তা রোববারের (২৩ ফেব্রুয়ারী) তারিখে ২ লাখ ৮০ হাজার টাকার একটি চেক জমা দিয়েছে। তবে এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি। চেকের টাকা জমা হওয়ার পরেই সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানায় কেজিডিসিএল।”
উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে চার লাখ টাকার বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর হতে হাসপাতালের রোগী ও কর্তৃপক্ষকে খাবার রান্না নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীরা ডাক্তারের নির্দেশনা মোতাবেক সময়মত ওষুধ খেতে পারছেননা।
বার্তাবাজার/কেএ