রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪৫ লক্ষ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ কাওসার হামিদ খান (৪৫), মোঃ হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)।
অভিযানকালে তাদের থেকে ৪৫ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। সেই সাথে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, ৪ বান্ডিল জাল টাকা তৈরির কাগজ ও ৪টি প্রিন্টারের কালি উদ্ধার করা হয়।
ডিএমপি ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারী প্রিভেনশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোলায়মান মিয়া বলেন, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪.৩০ টায় কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত প্রত্যেকে জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা ও তাদের অন্যান্য পলাতক সহযোগীরা মিলে জাল টাকা তৈরি করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করত।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ
বার্তাবাজার/কে.জে.পি