ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের আনন্দপুর ও রাজাসন এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ৪০টি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ‘তিশা এন্টারপ্রাইজ’ নামের একটি কয়েল কারখানা তিতাসের বৈধ বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় কারখানাটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকা দুইটির বিদ্যমান অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা সহ অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল,
উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী,সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া আমাদের নিয়মিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ঢাকার সাভারের আনন্দপুর এর সিটি ল্যান্ড ও রাজাসন এলাকায় অভিযান পরিচালিত করেছি। আনন্দপুর এর সিটি ল্যান্ড এলাকায় অবৈধ সংযোগকারীরা আমাদের বৈধ বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি লাইনের মাধ্যমে সংযোগ নিয়েছে। আমরা আজ এই সম্পূর্ণ অবৈধ লাইন উচ্ছেদ করেছি। এতে প্রায় ৪০টি বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিনি আরও জানান, পাশাপাশি সাভার রাজাসন এর জলপাইবাগান এলাকায় মোঃ আনোয়ার হোসেন এর মালিকানাধীন ‘তিশা এন্টারপ্রাইজ’ নামের একটি কয়েল কারখানা আমাদের মূল বিতরণ লাইন থেকে অবৈধ সংযোগ ব্যবহার করে আসছিলো। আমরা এই কারখানার লাইন বিচ্ছিন্ন করেছি এবং এর মালিকের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইনে নিয়মিত মামলা দায়ের করেছি।
অবৈধ সংযোগ প্রদানকারীদের ব্যাপারে গণমাধ্যমকে তিনি আরও জানান, এদের ব্যাপারে আমরা যথাযথভাবে তথ্য নেবার চেষ্টা করেছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও এব্যাপারে আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছে। এদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইনে নিয়মিত মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা এবং আনিসুর রহমান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে