আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের করা মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পরিবহণ শ্রমিকরা। মামলা প্রত্যাহার না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দিয়েছেন তারা।
তবে শ্রমিক নেতা শাজাহান খানের অনুসারী পরিবহণ শ্রমিকদের এই আন্দোলনের বিরুদ্ধে সরব হয়েছেন (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজের এক স্ট্যাটাসে নুর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাজাহান খানের জন্য নাকি ৭০ লাখ শ্রমিক মাঠে নামবে!– ওরে বাটপার!’
শ্রমিকদের হুশিয়ার করে তিনি লিখেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে। তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে, গণমানুষের কল্যাণে। সুতরাং বাটপারির হুমকি-ধমকি বাদ দিয়ে লাইনে এসো, দেশের জন্য কাজ করো, তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।
বার্তা বাজার/এসজে